থানা টয়লেটের গ্রিল ভেঙে পালানো আসামি গ্রেফতার

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:১০
 
নেত্রকোনার পূর্বধলা থানা হাজতের টয়লেটের গ্রিল ভেঙে পালিয়ে গিয়েছিল হত্যা মামলার আসামি রুবেল মিয়া (২৯)। অবশেষে ১ মাস পর তাকে ফের গ্রেফতার করেছে পূর্বধলা থানার পুলিশ। শনিবার সকালে ব্রাক্ষণবাড়িয়া জেলার আমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,  রুবেল মিয়া উপজেলার মোটর সাইকেল চালক কাকন হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি। ১০ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। রুবেল খলিশাউড় ইউনিয়নের গড়ুয়াকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। পরদিন বুধবার ভোর সাড়ে চারটার দিকে কৌশলে তিনি থানা হাজতের টয়লেটের গ্রিল ভেঙে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থেকে পালিয়ে যান।
 
ওসি আরও জানান, এ ঘটনায় জেলা পুলিশ সুপার তাৎক্ষণিক মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) তপন বাকালীকে প্রত্যাহার ও ডিউটি অফিসার এএসআই মোজাম্মেল ও আসামির স্পেশাল ডিউটিরত কনস্টেবল তাফাজ্জল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তারপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম, নেত্রকোনা সদর সার্কেল সানোয়ার হোসেন ও নেত্রকোনা ডিআইও-১ মো. আব্দুর রহমানকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে পুনরায় গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/জামান