নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৬:৩৮
জেলার সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত ও ৬জন আহত হয়েছে। শনিবার দুপুরে সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া এলাকায় বগুড়া থেকে সারদা পুলিশ একাডেমিগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আনা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক পিন্টুর (৪০) মৃত্যু হয়। 
 
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে গাবতলী এলাকার বাদল হোসেনের ছেলে আরনাফ হোসেন আরাফ নামের ২ বছরের এক শিশু এবং অজ্ঞাত অপর একজনের মৃত্যু হয়। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ হাসপাতালে দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
 
দুর্ঘটনার পর নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, আহতদের মধ্যে নব নিযুক্ত এক পুলিশ সার্জেন্ট রয়েছেন। সারদা পুলিশ একাডেমি যাওয়ার পথে তিনি আহত হন। 
 
ইত্তেফাক/এমআই