ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহযোগিতায় ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ব্যবসায়ী মো. আব্বাস এর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সাথে সাথে পুরো ঘরটি আগুনে ফুড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ঘরগুলোতে লেগে যায়। আগুনের তীব্রতায় ৮টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ফুড়ে যাওয়া ঘরগুলো হলো আব্বাসের মোবাইল সার্ভিসিং, মো. জাফরের ফুলকলি চায়ের দোকান, ফারুক গার্মেন্টস,তারেক স্টোর, চানমিয়া গার্মেন্টস, আ. রহমানের ফলের দোকান, মো. হাসানের ফলের দোকান, হোসেন এর গার্মেন্টস। এছাড়াও ওইদিন রাত ৩টার দিকে মুকুল বেকারিতে আগুন লেগে সম্পূর্ণ ঘরটি পুড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে- ক্ষতির পরিমাণ ৮০ লক্ষাধিক টাকা হবে।
IMG0
এব্যাপারে ফায়ার সার্ভিস ইনচার্জ মো. জসিমউদ্দিন জানান, রাত ৩টার দিকে এসে মুকুল বেকারির আগুন নিয়ন্ত্রণে আনি। আবারও সকাল সাড়ে ৭টায় আগুন লাগার কথা শুনে দ্রুত বাজারে এসে ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
ইত্তেফাক/জামান
