‘চাপ’ নিয়ে মাঠে ফিরছেন তাসকিন

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১০:২৫

তাসকিন আহমেদের ভেতরটা পড়ার সুযোগ হয়তো নেই। তবে বাহ্যিক অবয়ব বলছে এই তরুণের ভেতর মাঠে ফেরার তাড়না এখন সুতীব্র। ইনজুরির কারণে খেলার মাঝে নেই বলে বাংলাদেশের বিশ্বকাপ দলে তার অবস্থান অনিশ্চয়তার মেঘে ঢেকে গেছে। অথচ এই বিশ্বকাপকেই টার্গেট করে দিনাতিপাত করছিলেন ডানহাতি এই পেসার।

গত কয়েকদিন ধরে মিরপুর স্টেডিয়ামে বোলিং করছেন। সেই বোলিংয়ের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন। বিশ্বকাপই যে এখন তার ধ্যানজ্ঞান তা বলার অপেক্ষা রাখে না।

গতকাল বিসিবি একাডেমি মাঠে দেখা হতেই বললেন, কাল (আজ) ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামবো। একটু আগে রেজিস্ট্রেশন করে এসেছি। ইনশাল্লাহ, সব ঠিক আছে। শতভাগ দিয়ে বোলিং করেছি আজ (গতকাল) নেটে।

আরও পড়ুন : গুয়াইদোর দূতকে স্বীকৃতি দিলো ওএএস

কথাগুলো বলে যেন মানসিক স্বস্তিই খুঁজছেন এই তরুণ পেসার। মাঠে নামতে তর সইছে না তার। বিশ্বকাপের দল ঘোষণা হবে ১৮ এপ্রিল। তার আগে ম্যাচ খেলে নির্বাচকদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। বোলিংয়ে নিজেকে প্রমাণ করতে হবে। ফিটনেসের সার্টিফিকেট পেতে হবে। এতসব কিছুর পরীক্ষা দিতে উদগ্রীব তাসকিন।

গতকাল লিজেন্ডস অব রুপগঞ্জের নেটে বোলিং করেছেন তাসকিন। আজ মিরপুরে রুপগঞ্জের হয়ে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তার খেলতে নামার সব আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল অনুশীলনের পর রুপগঞ্জের কোচ আফতাব আহমেদও বলেছেন, কাল (আজ) তাসকিন খেলবে। অনুশীলন করেছে দলের সঙ্গে।

চোটঘাতের সঙ্গে তাসকিন আহমেদের সখ্যতা নতুন নয়। ২০১৮ সালের বেশিরভাগ সময় চোটে ছিলেন। বিপিএল দিয়ে ছন্দে ফিরেছিলেন। ২২ উইকেট নিয়ে নিউজিল্যান্ড সফরের টেস্ট, ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ১ ফেব্রুয়ারি বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে আবার গোড়ালির চোটে পড়েন। সেই চোট কাটিয়ে আড়াই মাস পর আজ মাঠে ফিরতে প্রস্তুত তাসকিন। প্রিমিয়ার লিগের ড্রাফটে লেখা ছিল ১ এপ্রিলের পর থেকে খেলতে পারবেন। তাই কোনো ক্লাব তাকে নেয়নি। চোট কাটিয়ে ওঠার পর অনেক ক্লাবে যোগাযোগ করলেও আজ থেকে খেলানোর প্রতিশ্রুতি দেওয়ায় রুপগঞ্জে নাম লিখিয়েছেন এই পেসার।

বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাসকিনের মাঠে নামার ক্ষেত্রে তড়িঘড়ি হচ্ছে কিনা জানতে চাইলে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘ও আজ (গতকাল) এসে বলেছে শতভাগ দিয়ে বোলিং করতে পারছে। দেখুক চেষ্টা করে। আর দুই মাসের রিহ্যাব প্রোগ্রামে দুই-এক কম বেশি বড় সমস্যা নয়।’

মাঠে ফেরার ঘোষণা দিতে পেরে দারুণ স্বস্তিতে তাসকিন। গতকাল তিনি বলছিলেন, ‘এটার জন্যই এত কষ্ট করছি। শুকরিয়া আল্লাহর কাছে, খেলার অনুমতি পেয়েছি। আল্লাহ চাইলে আগামীকাল (আজ) থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি।’

শর্ট রানআপে শুরু করলেও ফুল রানআপে শেষ তিনদিন বোলিং করেছেন তাসকিন। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া, না পাওয়ার চাপ নিয়েই প্রিমিয়ার লিগ খেলতে হবে তাকে। তিনি বলেন, ‘চাপ তো সবসময় অনুভব করি। ভালো না করলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। কারণ এটা বড় আসর। এখানে ফিট না হলে সুযোগ পাব না।’ খেলার সুযোগ দেওয়ায় রুপগঞ্জের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তাসকিন।

ইত্তেফাক/কেআই