ভিতরে প্লাস্টিক পাইপ আর বাহিরে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল ৮টি সিঁড়ি। আর সেগুলো ভ্যানযোগে নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র। কোনভাবেই বোঝার উপায় ছিল না এর ভিতরে রয়েছে ফেনসিডিল। সিঁড়ির মাঝখানে কৌশলে ফেনসিডিল ঢুকিয়ে রাখে মাদক ব্যবসায়ীরা। কিন্তু এতকিছুর পরেও শেষ রক্ষা হল না তাদের।
অবশেষে ওই ফেনসিডিলগুলো রবিবার দুপুরে ধরা পড়লো লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আবু সায়েমের হাতে। এসময় ওই সিঁড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ওই ভ্যানের চালক আব্বাস উদ্দিনকেও আটক করা হয় ওই সময়। আটককৃত আব্বাস উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সাহাদত হোসেনের ছেলে।
IMG0
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারপুকুর ইউনিয়নের মিলনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সিঁড়ি বোঝাই ভ্যানটি আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এসব সিঁড়ি ভেঙে প্লাস্টিক পাইপের ভিতর থেকে ওই ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, এসব ফেনসিডিল উপজেলা সদর হয়ে মহিষখোচার উদ্দেশ্যে যাচ্ছিল।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মাদক ব্যবসায়ীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছেন। তিনি আরও জানান, এটি একটি নতুন কৌশল। আর এ কৌশলও রক্ষা পায়নি পুলিশের হাত থেকে।
ইত্তেফাক/জামান
