আগামী ২০২০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা শতকরা পঞ্চাশ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে অনুমোদিত হয়েছে ন্যাশনাল রোড সেফটি স্ট্যাটিজিক একশন প্ল্যান। আজ রবিবার নগরীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভায় এ একশন প্ল্যান অনুমোদিত হয়।
এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গৃহীত পরিকল্পনায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রতি দুইমাস পরপর সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়।
শীতের সময় দুর্ঘটনা এড়াতে ক্ষেত্রবিশেষে যানবাহনের গতি সীমিত রাখার বিষয়েও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বাসস।
ইত্তেফাক/এমআই
