খুলনায় দুটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয়

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৮:১৪
 
খুলনায় দুটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে র‌্যাব সদস্যরা। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৬এর বোমা বিশেষজ্ঞ দল নগরীর নতুন রাস্তা মোড়ের রেললাইনের কাছ থেকে বোমা দুটি উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।
 
পুলিশ জানায়, একজন মহিলা দুপুরে নগরীর দৌলতপুর নতুন রাস্তার মোড়ের পার্শ্ববর্তী রেললাইনের কাছে একটি মিষ্টির প্যাকেট দেখতে পান। কৌতুহলবশত তিনি প্যাকেটটি খুলতে গিয়ে তাতে তার ও স্কচটেপ জড়ানো দেখে বোমা সন্দেহে চিৎকার দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্যাকেটটি ঘিরে রাখে। খবর পেয়ে র‌্যাব-৬এর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে। 
 
প্রায় চার ঘণ্টা চেষ্টার পর র‌্যাব বোমা দুটি উদ্ধার করে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মাঠে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। দৌলতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বোমা দুটি ছিল হাতে তৈরি। তবে শক্তিশালী। বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধারকৃত বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি