৩ পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করলেন ৩৬জন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৭:১৮
 
ফুলবাড়ীতে চলতি জেএসসি পরীক্ষায় সোমবার সকালে অনুষ্ঠিত শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের পরীক্ষায় তিনটি কেন্দ্রে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এজন্য তিন কেন্দ্রে মোট ৩৬জনকে দায়িত্ব পালন করতে হয়েছে।
 
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ফুলবাড়ী জছি মিঞা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী আব্দুর রবের রোল নম্বর-৬০৮৯৩২। সে রাবাইতারী এসবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী হাফিজুর ইসলামের রোল নম্বর-৬১০০৬৬। সে মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী রওশন আরা আক্তারের রোল নম্বর-৬১০৮২৬। সে উপজেলার পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 
 
কেন্দ্র প্রতি দায়িত্ব পালনকারীরা হলেন সরকারী কর্মকর্তা একজন, কেন্দ্র সচিব একজন, সহকারী কেন্দ্র সচিব একজন, হল সুপার দুইজন, কক্ষ পরিদর্শক দুইজন, অফিস সহকারী একজন, অফিস সহযোগী দুইজন, পুলিশ সদস্য দুইজনসহ মোট ১২জন। 
 
ফলে ওই তিন কেন্দ্রে মোট ৩৬জন দায়িত্ব পালন করেন।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, তিন কেন্দ্রে তিন পরীক্ষার্থী অংশ নিলেও পরীক্ষা গ্রহণের প্রস্তুতি, আয়োজন শতভাগ করা হয়েছে। ওই তিন পরীক্ষার্থী গত বছর পরীক্ষায় অনুপস্থিত ছিল। তাদের ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চারুকারু বিষয়ের পরীক্ষাতেও এভাবেই অংশ নিতে হবে।
 
ইত্তেফাক/আরকেজি