নুসরাত হত্যাচেষ্টা: মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ ৩ জন রিমান্ডে

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৪:৫১

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফীর গায়ে আগুনের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলা, ইংরেজী শিক্ষক নুরুল আবছার ও আলীম ছাত্র আরিফকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে।

 

সোনাগাজী থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) কামাল উদ্দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে প্রত্যেকের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চাইলে আদালত অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলাকে সাতদিনের রিমান্ড ও বাকি দুইজনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে আনসার ব্যটালিয়নে বদলি করা হয়েছে। অপরদিকে এই মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআই (পুলিশ ব্যুারো ইনভেস্টিগেশন) কে দায়িত্ব দেয়া হয়েছে বলে এএসপি সার্কেল জানান।

 

সোনাগাজী থানার এএসপি সার্কেল সাইকুল আহম্মেদ ভূঁঞা বলেন, আগুনের ঘটনায় আটক ১০ জন ছাড়া এখনও কাউকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়নি।

 

ইত্তেফাক/এএম