রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে: গওহর রিজভী

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৮:৫২
 
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই ফেরত যেতে হবে। মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতেই হবে। তারা ফিরিয়ে নিতে বাধ্য হবে। আমরাও কূটনৈতিকভাবে সেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তা সময়ের ব্যাপার। রাতারাতি এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না। তাই যতদিন রোহিঙ্গারা থাকবে ততদিন মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। 
 
সোমবার রাতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
 
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমরা মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতার জায়গা থেকে রোহিঙ্গাদের এই মানবিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডাকে সারা বাংলাদেশের মানুষ এগিয়ে এসেছে। এই সহযোগিতার জন্য সবাই প্রশংসার দাবি রাখেন। 
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজারের শরণার্থী বিষয়ক কমিশনার আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও সিভিল সার্জন আবদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে ববি ছিদ্দিকী। 
 
ইত্তেফাক/আরকেজি