চট্টগ্রামে অবৈধ পার্কিং ঠেকাতে হাইওয়ে পুলিশের অভিযান

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:১৩
চট্টগ্রামের রাউজান উপজেলায় যানজট নিরসন ও অবৈধ পার্কিং ঠেকাতে অভিযানে নেমেছে রাউজান হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কটির জনগুরুত্বপূর্ণ স্থানে দিনভর এ অভিযান চালানো হয়। 
 
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় একদল পুলিশ। অভিযান পরিচালনাকালে ট্রাকসহ বিভিন্ন পরিবহনকে মামলা ও ডাম্পিং করার নির্দেশনা দেওয়া হয়। 
 
অবৈধ পার্কিংয়ের দায়ে ৬টি গাড়িকে মামলা দেওয়া হয় ও ক্রেন দিয়ে একটি ট্রাক (খাগড়াছড়ি-ড-১১-০০৪৭) তুলে নিয়ে যায় পুলিশ । 
 
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, যানজট নিরসন ও অবৈধ পার্কিং ঠেকাতে অভিযান পরিচালনা করেছি। অভিযানটি আগামিতেও অব্যাহত থাকবে।
 
উল্লেখ্য, গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট আইন অমান্য করে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জনগুরুত্বপূর্ণস্থানে সড়কের দুপাশে অবৈধ পাকিং ও যাত্রী উঠানামা করতো। ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি যাত্রীসাধারণ চরম ভোগান্তির স্বীকার হতো।
 
ইত্তেফাক/ এমএ