পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব। এ লক্ষ্যেই আইইউটি তার অবদান রেখে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণে কাজ করছে। অতীতে অনেক মুসলিম জ্ঞানী ও বিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন এবং গৌরবময় সেই ইসলামী উম্মাহ আমরা বহন করে চলছি। এ আলোকেই তরুণ শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবর্তনশীল জ্ঞান-বিজ্ঞান অনুশীলন করে গৌরবময় মুসলিম উম্মাহকে আগামীতে আরো এগিয়ে নিতে সক্ষম হবে।
বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি'র অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আইইউটি'র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর। অনুষ্ঠানে ওআইসির মহাসচিব ও আইইউটি'র আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন-এর বাণী পাঠ করেন আইইউটি'র টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক চি কুম ক্লেমেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউটি'র গভর্নিং বডির চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাঈদ আলালাম আলজাহ্রানী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী।
সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছুলে আইইউটির উপাচার্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ তাকে স্বাগত জানান। মন্ত্রী গাউন পড়ে আনুষ্ঠানিক সমাবর্তন শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত হন।
ইত্তেফাক/জামান
