কুমিল্লায় যাত্রীবাহী বাস পুকুরে, একজনের লাশ উদ্ধার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৫৩
 
কুমিল্লায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে গেছে। আজ বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, বাসটি জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি পুকুরে পড়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডুবুরীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এসময় স্থানীয় এলাকার লোকজনও উদ্ধার কাজে সহায়তা করে। 
 
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, এ পর্যন্ত সাতজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হলেও এদের মধ্যে একজন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ওই বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিল। বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
 
ইত্তেফাক/কেকে