নলছিটি উপজেলার আখরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টি এলেই বাজে ছুটির ঘণ্টা। আকাশের আবহাওয়া একটু পরিবর্তন কিংবা সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ছাদ চুয়ে পানি পড়ে। এছাড়া শিক্ষা উপকরণ, আবাসন এবং শিক্ষক সংকটও রয়েছে।
অবহেলিত, অনুন্নত শিক্ষা বঞ্চিত এলাকা হিসেবে ১৯৮০ সালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামে মনোরম পরিবেশে স্থানীয় লোকজন এ প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন স্থানীয় সমাজ সেবক আলহাজ আবুল ফয়েজ মোল্লা। প্রথমদিকে কাঠ ও বাঁশ দিয়ে টিনশেড ঘর তৈরি করে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হয়।
শিক্ষার্থীদের সুবিধার্থে ১৯৯৪ সালে তিন কক্ষের একটি একতলা নির্মাণ করা হয়। তবে বিল্ডিংয়ে মান অত্যন্ত খারাপ হওয়ায় ছাদ দিয়ে পানি চুয়ে পড়ে। ওই তিন কক্ষের বিল্ডিংয়ে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে একত্রে বসে ক্লাস করানো সম্ভব হচ্ছে না। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস নিতে হলে কমপক্ষে ছয়টি কক্ষের প্রয়োজন হয়।
বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ হলেও বাড়েনি সুযোগ-সুবিধা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসাহাক আলী হাওলাদার জানান, স্কুলে পাঠদানের জন্য জরুরি প্রধান শিক্ষক, বেঞ্চ, চেয়ার-টেবিল, মাঠ ভরাট এবং পূর্ব পাশের মাঠ জরুরি ভিত্তিতে ভরাট।
ইত্তেফাক/নূহু
