স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৮:২৫

বাগেরহাটে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে রেশমা আক্তার (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে কচুয়া উপজেলার উত্তর কাকারবিল এলাকার রাস্তায় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রেশমা আক্তার কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দত্তকাঠি গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলামের মেয়ে।

বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর দুপুরে ইত্তেফাককে বলেন, ‘স্কুলে যাওয়ার পথে কচুয়া উপজেলার উত্তর কাকারবিল এলাকার রাস্তায় পৌঁছলে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে রেশমার মৃত্যু হয়। বৃষ্টি থেমে গেলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা স্থানীয় লোকজন স্কুলের পোষাক পরা একটি মেয়েকে পড়ে থাকতে দেখে স্কুলে খবর দেন। স্কুলে রেশমার সহপাঠিরা তাকে সনাক্ত করে।

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণের পর ২০ টাকায় ঘটনা চাপা দেওয়ার চেষ্টা

দত্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুর রহমান মনি বলেন, ‘দরিদ্র ভ্যান চালক সাইফুল ইসলামের দুই মেয়ে। ছোট মেয়ে রেশমা পড়ালেখায় খুব মেধাবী ছিল। সে কখনো স্কুলে অনুপস্থিত থাকত না।বুধবার সকাল ৯টার দিকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে তার মধ্যে পায়ে হেঁটে ছাতী মাথায় দিয়ে রেশমা স্কুলের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/কেকে