রে জা উ ল ক রি ম খো ক ন
বলিউডে সালমান খানের ‘দাবাং’ সিরিজ দর্শক দারুণ পছন্দ করেছেন। চুলবুল পান্ডের চরিত্রে সালমান সবার মন জয় করে নিয়েছেন। এই ছবিতে চুলবুল পান্ডের প্রেমিকা ও স্ত্রী রাজ্জোর চরিত্রে দেখা গেছে সোনাক্ষি সিনহাকে। সেই চরিত্রটি দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল তার। এবার ‘দাবাং’ সিরিজের তৃতীয় কিস্তির শুটিং শুরু হয়েছে। এ ছবিতে চুলবুল পান্ডের সঙ্গী কে হবেন অর্থাত্ সালমানের নায়িকা কে হবেন, তা নিয়ে জল্পনাকল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। তবে শেষ পর্যন্ত আবারো রাজ্জো চরিত্রে থাকছেন সোনাক্ষি। সম্প্রতি নিজের লুকের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি জানিয়েছেন ‘দাবাং থ্রি’ ছবির শুটিংয়ের খবর। ২০১০ সালে মুক্তি পায় ‘দাবাং’ ছবিটি। সোনাক্ষি অভিনীত প্রথম ছবিটি সাড়া ফেলে দিয়েছিল বক্স অফিসে। এই ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সোনাক্ষি। এরপর ২০১২ সালে ‘দাবাং’-এর দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করেন তিনি। এবার ‘দাবাং থ্রি’ ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা। তার সঙ্গে কাজ শুরু করার আগে সোনাক্ষি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি নতুন ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন ‘রাজ্জো ফিরছে’। তিনি আরো লেখেন ‘দাবাং থেকে দাবাং থ্রি। যেন ঘরেই ফিরছি। প্রথম দিনের শুটিং করলাম।’ আগের দুই কিস্তির মতো এবারো সোনাক্ষির ‘লুক’ একই; পরিপাটি এক গৃহিণীর। একদিনে সোনাক্ষি শুরু করেছেন ‘দাবাং থ্রি’-এর কাজ। অন্যদিকে তার আরেকটি ছবি ‘কলঙ্ক’-এর মুক্তির তোড়জোড় চলছে। সোনাক্ষি এখন ‘কলঙ্ক’ টিমের সঙ্গে প্রচারণার কাজে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। করন জোহর প্রযোজিত তারকাবহুল বিগ বাজেটে নির্মিত নতুন সিনেমা ‘কলঙ্ক’ নিয়ে বলিউডে চলছে তুমুল আলোড়ন। নাটকীয় কাহিনির ছবিটিতে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, কিয়ারা আদভানি, কুনাল খেমু প্রমুখ তারকার পাশে সোনাক্ষি সিনহাকে দেখা যাবে অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্রে। গত বছর তাকে দেখা গেছে বেশ কয়েকটি হিন্দি সিনেমায়। এর মধ্যে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিতে একটি আইটেম সং-এ পারফরম করলেও ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ও ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’ ছবিতে প্রধান নায়িকা ছিলেন তিনি। কিছুদিন আহে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘টোটাল ধামাল’-এ সোনাক্ষি স্রেফ আইটেম গার্ল হিসেবে পর্দায় এসেছেন। বিখ্যাত অীভনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষির বলিউডে যাত্রা শুরুর পরবর্তী সময়টা বেশ ভালোভাবে পার হলেও গত কয়েক বছরে তার ক্যারিয়ার তেমন এগোয়নি। ‘দাবাং’-এর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছার পর ‘রাওডি রাঠোর’, ‘জোকার’, ‘সন অব সরদার’, ‘লুটেরা’, ‘ওয়ান আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা’, ‘বুলেট রাজা’, ‘আর রাজকুমার’, ‘হলিডে’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘তিভার’, ‘আকিরা’, ‘ফোর্স টু’, ‘নূর’, ‘ইত্তেফাক’ প্রভৃতি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছে। অভিনীত সবগুলো সিনেমায় সোনাক্ষির অভিনয় দর্শকদের মনজয় করতে পারেনি, এটা যেমন ঠিক একইভাবে বলিউডের সম্ভাবনাময় অভিনেত্রীদের তালিকায় তার নামটি এসে যায়। সোনাক্ষির বয়স বর্তমানে ৩১ চলছে। বিয়ের বয়স পেরিয়ে গেছে আরও আগেই। এ বিষয়ে কিছুই কি ভাবছেন না বলিউডের এই অভিনেত্রী। তার সমসাময়িক অন্যান্য অনেক নায়িকাই এরমধ্যে বিয়ের পিঁড়িতে বসেছেন। ‘কলঙ্ক’ ছবিতে তার দুই সহশিল্পী আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানও বিয়ের ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে সোনাক্ষির চিন্তাভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি সোজাসাপ্টা বলেন, ‘আমি তো বরুণ ও আলিয়াদের আগেই বিয়ে করতে চাইছি। তেমন যোগ্য পাত্রের অপেক্ষায় রয়েছি, পেলেই আর দেরি করব না, সঙ্গে সঙ্গে বিয়েটা সেরে ফেলব।’ ইদানীং ‘নোটবুক’ ছবির নায়ক জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষির রোমান্সের গুঞ্জন শোনা যাচ্ছে।’
