গুম অপহরণ হওয়া অধিকাংশই উদ্ধার করা হয়েছে: আইজিপি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:০৬
 
আইজিপি একেএম শহীদুল ইসলাম বলেছেন, এ পর্যন্ত যতগুলো অপহরণ বা গুম হয়েছে তাদের অধিকাংশই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবগুলো গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। তাদের উদ্ধারের ব্যাপারে পুলিশ কাজ করে যাচ্ছে। রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয় অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত আছে। কোন রোহিঙ্গা যাতে অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি।
 
বৃহস্পতিবার বিকালে গাজীপুর পুলিশ লাইনস ময়দানে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এসবি) জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আইজিপির সহধর্মিনী পুনাক সভানেত্রী বেগম সামসুন্নাহার রহমান, গাজীপুর পুলিশ সুপারের সহধর্মিনী শিরিন আক্তার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শোয়েব আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর বারের জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহান মিলন প্রমুখ। সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
ইত্তেফাক/আরকেজি