পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২২:৪২
 
পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম মুকুল হোসেন (৪০)। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবরামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
 
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ৭/৮জনের একদল ডাকাত সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা খন্দকারপাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চেঁচামেচি শুরু করে। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দেয়। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল হোসেন নামের একজনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি