ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রহমতপুর গ্রামে ডাকাতের অস্ত্রাঘাতে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি আহত এবং গণপিটুনিতে এক ডাকাত আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অন্যদিকে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে হার্ট অ্যাটাকে দাউদ হোসেন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন সরকার জানান, বৃহস্পতিবার গভীররাতে রহমতপুর গ্রামে ৭/৮ জনের একদল ডাকাত পানি খাওয়ার কথা বলে মন্টু মিয়ার বাড়িতে ঢোকে। ডাকাতদল বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে। সেসময় মন্টু মিয়া চিত্কার দেয়। চিত্কার শুনে তার ভগ্নিপতি শফিকুল ইসলাম এগিয়ে আসেন। তখন ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। বাড়ির লোকজনের চিত্কার শুনে অন্যান্য প্রতিবেশীরাও এগিয়ে আসে। তারা ডাকাতদের ধাওয়া করে। তাহাজ্জেল হোসেন নামে ডাকাতকে গ্রামবাসী ধরে গণপিটুনি দেয়। তার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। তার বাবার নাম ভাদু মণ্ডল। গ্রামবাসির গণপিটুনিতে ডাকাত তাহাজ্জেল গুরুতর আহত হয়। তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে গৃহকর্তা মন্টু মিয়ার বড় ভাই দাউদ হোসেন ডাকাতদের পিছু ধাওয়া করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান। বাকি ডাকাতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এএম।
