পর্দা নামছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সবের

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:০২

মা হ বু ব  আ ল ম

 

জমকালো আয়োজন আর অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা ২০১৯-এর। দেশের অন্যতম নাট্যদল পদাতিক নাট্য সংসদ। সংগঠনটির আয়োজনে প্রতিবছরের মতো এবারও দশমবারের মতো আয়োজিত হয়েছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা ২০১৯।

পদাতিক নাট্য সংসদের আয়োজনে এবং নাট্য ব্যক্তিত্বদের আন্তরিক অংশগ্রহণে ২০১০ সাল থেকে প্রতিবছর এপ্রিল মাসে দলের আজীবন সভাপতি, ভাষাসৈনিক, কলামিস্ট, নাট্যব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে নাট্যোত্সব আয়োজন ও স্মারক সম্মাননা প্রদান শুরু করে। বাংলাদেশ ও ভারতের নির্বাচিত নাটক মঞ্চস্থকরণ, দুজন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান এবং নাট্যবিষয়ক সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে এই উত্সব দশম বছরে পদার্পণ করছে। গত ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল মিলিয়ে দেশ ও বিদেশের মোট বিশটি মঞ্চনাটক নিয়ে উদযাপিত হলো ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা ২০১৯’। এবারের উত্সবের স্লোগান ছিল ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’। এই উত্সব সৈয়দ তাসনীন হোসাইনের সভাপতিত্বে উদ্বোধন করেন সম্মিলিতভাবে রামেন্দু মজুমদার, ম হামিদ ও মামুনুর রশিদ। উদ্বোধনী দিনে স্মারক সম্মাননা গ্রহণ করেন নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী ও গোলাম সারোয়ার। জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখ সিঁড়ির প্রান্তে নির্মিত বহিরাঙ্গন স্টেজে প্রতিদিন বিকাল ৫টা থেকে বিভিন্ন নাট্যদল এবং সাংস্কৃৃতিক দলের আয়োজনে পরিবেশিত হয় আবৃত্তি, পথনাটক, মাইম, নৃত্য, গীতসহ নানা সাংস্কৃৃতিক অনুষ্ঠান। এছাড়াও ১১ এপ্রিল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে উপস্থাপিত হবে একটি সেমিনার যার শিরোনাম ‘পদকপ্রাপ্তদের চিন্তায় শিক্ষাবিদ, নাট্যজন, প্রবন্ধকার ও কলামিস্ট সৈয়দ বদরুদ্দীন হোসাইন’। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সবে মোট আমন্ত্রিত ও মঞ্চায়নের লক্ষ্যে নির্ধারিত নাটক ২০টি। ঘটনার পরম্পরায় প্রাজ্ঞজনেরা বিশ্বাস করেন, পৃথিবীতে যা কিছু ঘটে তার কিছু কিছু সাক্ষ্য প্রমাণ থেকে যায়। হারিয়ে যাওয়া এই সব প্রমাণ খুঁজে পাওয়ার মধ্যেই পরবর্তীকালের গবেষকদের আনন্দ। তেমনিভাবে আলী যাকের থেকে ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার থেকে আসাদুজ্জামান নূর, সৈয়দা হক থেকে লিয়াকত আলী লাকী, নাসির উদ্দীন ইউসুফ থেকে ম. হামিদ, লাকী ইনাম থেকে শিমুল ইউসুফ, ইনামুল হক থেকে সৈয়দ জামিল আহমেদ প্রভৃতি স্মারক ও সম্মাননা পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্বদের কথামালায় উপস্থাপিত প্রবন্ধ এবং কথোপকথনে ১১ এপ্রিল সেমিনার হলে সেমিনার সন্ধ্যা হয়ে উঠবে বাংলাদেশের নাট্যপ্রবাহের এক মিষ্টি মধুর নস্টালজিয়া ও স্মরণীয় সন্ধ্যা।