হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।
চোরেরা ঘরের ভেতরে ঢুকে আলমিরার তালা ভেঙ্গে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
উপজেলা চেয়ারম্যানের ভাগিনা মো. এরশাদ মিয়া বলেন, বাড়িতে বিল্ডিং করতে ইট ক্রয়ের জন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে দুই লাখ টাকা এনে আলমিরাতে রাখি। মামা (উপজেলা চেয়ারম্যান) সব সময় এ বাড়িতে থাকেন না, মাঝে মধ্যে থাকেন। তিনি বৃহস্পতিবার রাতেও তার দাঁড়িগাঁওয়ের বাড়িতে ছিলেন। আমি আমার, মা ছোট ভাই, বোনেরা থাকি। এদিন রাতে আমি, আমার ছোট ভাইও বাড়িতে ছিলাম না। আমার মা এবং ছোট বোন ঘুমিয়েছিল। ধারণা করা হচ্ছে মা রাতে দরজা খুলে ঘরের বাইরে টয়লেটে যাওয়ার সময় চোর ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থেকে এ ঘটনা ঘটায়।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা তার বাড়িতে চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বিষয়টি হোমনা থানায় লিখিতভাবে জানানো হয়েছে। ওসি রসুল আহমদ নিজামী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
