কুমিল্লায় বাজারে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:১৪
কুমিল্লার বুড়িচং উপজেলার ব্যস্ততম ও প্রসিদ্ধ কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ছোট-বড় প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি লেপ-তোষক তৈরির দোকান থেকে শুক্রবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
বুড়িচং থানার ওসি মনোজ কুমার পাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর এ সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা-সিলেট সড়কের ওই এলাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
 
উল্লেখ্য, এর আগে গত রমজান মাসে গভীর রাতে ওই বাজারে আগুনে অর্ধ-শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছিল।
 
ইত্তেফাক/এমআই