মিলন রহমান, স্টাফ রিপোর্টার, বগুড়া
চর্যাপদ থেকে পাওয়া অক্ষরে প্রতাপশালী বারো ভূঁইয়া, তিতুমীর, শরীয়ত, ক্ষুদিরাম, সূর্যসেনদের বীরত্বগাঁথা, মহুয়ার পালায় মুগ্ধতা, জয়নুল-অবন ঠাকুরের চিত্র—এসব সোনায় মোড়া উপকরণ, সহজ-সরল, পরিচিত শব্দমালা আর ইতিহাসের মেলবন্ধনের গৌরবদীপ্ত পরাণকথা সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’। বাঙালি হিসেবে আমাদের আত্মপরিচয়ের দিকনির্দেশনার সঙ্কট কাটিয়ে উত্তর-প্রজন্মকে নির্দেশনার উপায় বাতলে দেওয়া এই কবিতাটি শতাধিক কণ্ঠে উচ্চারিত হলো বিহঙ্গ আবৃত্তি পরিষদ আয়োজিত স্কুল আবৃত্তি উত্সব ২০১৯-এর সমাপনী আয়োজনে। গত ৬ এপ্রিল বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশের পুরোনো আবৃত্তি সংগঠন স্বনন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)-এর প্রবীণ আবৃত্তিশিল্পী ও কবি মোহাম্মদ কামাল আবৃত্তির মাধ্যমে ‘নতুন বইয়ের গন্ধে, আবৃত্তি ছন্দ-আনন্দে’ শিরোনামে বিহঙ্গ আবৃত্তি উত্সবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। আবৃত্তি অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মূল্যায়নে অংশগ্রহণ করেন নাট্যজন সাদেকুর রহমান সুজন এবং বগুড়ার অগ্রজ আবৃত্তিশিল্পী ও চ্যানেল আইয়ের সংবাদ উপস্থাপনা বিভাগের নির্বাহী প্রযোজক শান্ত মাহমুদ। তারা বলেন, এই আয়োজনে বগুড়ার ৪টি স্কুলের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আবৃত্তি উত্সবে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। আয়োজকরা বলেন, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তিশিল্পের বিকাশ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলগত আবৃত্তি চর্চার প্রসার ঘটাতে এবং কবিতার মাধ্যমে তাদের মাঝে মানবতা, প্রকৃতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।
উত্সবে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া ওয়াইিএমসিএ এবং কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আবৃত্তি উত্সবে অংশগ্রহণকারী ৪টি স্কুলকে বিহঙ্গ আবৃত্তি পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অতিথিরা।
এছাড়া আবৃত্তি উত্সবে শতাধিক অংশগ্রহণকারীর মধ্য থেকে উত্সব সেরা হিসেবে ১০ জন ক্ষুদে আবৃত্তিকারকে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই অসমাপ্ত আত্মজীবনী উপহার দেওয়া হয় এবং ৩ মাস ধরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্সবের জন্য নির্বাচিত কবিতার আবৃত্তির নির্মাণে সহযোগিতার জন্য আয়োজক সংগঠন বিহঙ্গ আবৃত্তি পরিষদের সদস্য জাফরিন রহমান তাসিনকে প্রশিক্ষণ সহযোগী হিসেবে স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি উত্সবের সদস্য সচিব শেখ মাসুকুর রহমান।
