পাঁচ গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:০৫

নজরুল ইসলাম মুহিব

মৌলভীবাজার প্রতিনিধি

 

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননা-২০১৮ প্রদান করা হয়েছে। গত ৬ এপ্রিল রাতে স্থানীয় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে লোকসংস্কৃতিতে জেলার কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রসময় মোহান্ত, সৃজনশীল সংস্কৃতি গবেষণায় শ্রীমঙ্গল উপজেলার কবি, সাহিত্যিক ও গবেষক প্রফেসর (অব.) নৃপেন্দ্রলাল দাশ, কণ্ঠসঙ্গীতে কুলাউড়া উপজেলার মীর মোহাম্মদ রানু সরকার, যাত্রাশিল্পে শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফুরকান উদ্দিন (বীরপ্রতীক) এবং চলচ্চিত্রে মৌলভীবাজারের সৌমিত্র দেবকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাসহ প্রত্যেক গুণীজনকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু দ্বীপ দত্ত আকাশের পরিচালনায় নৃত্যনাট্য ‘ইছামতির বাঁকে’ পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্ত গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (উপসচিব) আসরাফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. কামাল হোসেন ও আলোকধারার সভাপতি ডা. এম এ আহাদ।

জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা জ্যোতি সিনহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।