সাতক্ষীরায় ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১০:৩৪
 
সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত হেলপারের নাম রফিকুল ইসলাম। সে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ভোরে ট্রাকহেলপার রফিকুল ইসলাম পারুলিয়া এলাকায় সেকাই কর্পোরেশনের মোড়ে ট্রাক রেখে পানি আনতে যায়। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী আরেকটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
 
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল এ দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/জামান