ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবদুর রউফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়। উপজেলার নাটঘর গ্রামের উত্তরপাড়া মহল্লার দুই পক্ষের লোকজনের মধ্যে দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রউফ ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উত্তরপাড়া মহল্লার মৃত আবদুল হানিফের গোষ্ঠীর সঙ্গে জুনুর মিয়া গোষ্ঠীর লোকজনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিক উভয় পক্ষের লোকজন অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুর রউফ মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাজির আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
