আড়াইহাজার উপজেলার সদর পৌর সভার দুই গ্রাম ও নরসিংদী সদর উপজেলার এক গ্রামে শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত আড়াইহাজারের কামরানীরচর, মাঝের চর ও নরসিংদী সদর উপজেলার দন্তরদী গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুঁইয়া জানান, প্রথমে কামরানীর চর গ্রামে একটি পাগলা শিয়াল যাকে সামনে পায় তাকেই আক্রমণ করতে থাকে। ওই গ্রামে তিনজনকে আহত করে। এক পর্যায়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে মাঝের চর গ্রামে চলে যায়। সেখানে গিয়ে পাঁচজনকে আহত করে।
পরে ওই খান থেকে ধাওয়া খেয়ে নরসিংদী সদর উপজেলার দস্তর দিয়ে একাধারে ২২ জনকে কামড়িয়ে আহত করে। আহতদের মধ্যে দস্তরদীর আবুল কালামকে ঢাকার মহাখালি এবং বাকিদের আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের মুখে, গালে ও পায়ে জখম হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার শত শত লোক লাঠি সোঠা নিয়ে শিয়ালের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছে। তবে নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে।
ইত্তেফাক/কেকে
