চৌগাছায় ইউপি সদস্যের হাত-পা ভাঙলো সন্ত্রাসীরা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০০:৫৯

যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদের ৩নং (বাড়িয়ালী) ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান মুকুলকে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। মোস্তাফিজুর রহমান বাড়িয়ালী গ্রামের মৃত- সমশের আলী বিশ্বাসের ছেলে এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

আহত মোস্তাফিজুর রহমান চৌগাছা হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘শনিবার সন্ধ্যা সাতটার সময় আমি গ্রামের মানিকতলা মোড়ে আলতাপের দোকানের সামনে ছিলাম।’ এ সময় একই গ্রামের সন্ত্রাসী জহুরুলের ছেলে ফন্টু, মজিদের ছেলে মুন্না, সোনা মিয়ার ছেলে ফড়িং, সুরত আলীর ছেলে সাইফুল, রেজাউলের ছেলে লাল্টু, আনছারের ছেলে আব্দারসহ ৬/৭ জন আমাকে লোহার রড, ভ্যানের এক্সেলসহ ভারী দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।’

সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত তবিবর রহমান জানান, ‘মুকুলের বাম পায়ের দুই জায়গা, ডান হাতের দুই জায়গা ও বাম হাতের এক জায়গা ভেঙে গেছে।’

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, ‘এই দুস্কৃতিকারীরা বার বার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘যারা একজন ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিতে পারে তারা গ্রাম, ইউপি এমনকি দেশের শত্রু।’

চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।’

ইত্তেফাক/নূহু