নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ক্ষতি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৩:৩১
 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১৫ ঘর, গৃহপালিত পশু, ১১টি সেলাই মেশিন, আসবাবপত্রসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে।
 
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান বলেন, দক্ষিণ বড়ভিটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাইকারটারী গ্রামে শনিবার গভীর রাতে জাহাঙ্গীর হোসেনের ঘরে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীবাসী তাৎক্ষণিকভাবে জলঢাকা ফায়ার সার্ভিসের খবর দিলে গাড়ী আসার আগেই জাহাঙ্গীরের ছেলে রব্বানী ও সাইফুল ইসলামের ১টি গরু দুইটি করে চারটি থাকার ঘর ১ টি রান্নাঘর ও প্রতিবেশী  মোবারক আলীর ছেলে মমিনুর রহমান, লিমন হোসেন, ও টোকা মামুদের দুইটি গরু ১টি ছাগল ও প্রত্যেকের দুইটি করে থাকার ঘর চারটি রান্নাঘর সহ ঘরে রক্ষিত আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানাতে পারেনি।
 
জলঢাকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান