নেত্রকোনায় বিএনপির ৭ নেতাকর্মী আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৩:৪৮
 
নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাদের অটক করা হয়।
 
অন্য আটককৃতরা হচ্ছেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম খোকন,  আটপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাছান মাহমুদ খান, মদন উপজেলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন, ছাত্রদল নেতা কাউসার বাবু, রেজওয়ান কবির এবং কাউসার আহমেদ।
 
দলীয় নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিলেন। তাই শনিবার বিকাল পৌনে ৪টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুর নগরস্থ বাসার সামনে জড়ো হন সবাই। এদিকে শনিবার রাতে ১ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর বিএনপি নেতা আবুল কালাম খোকনকে সাতপাই থেকে গ্রেফতার করা হয়।
 
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর তৈমুর ইলী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার অভিযোগে তাদের ধরা হয়েছে।'
 
ইত্তেফাক/জামান