রবিবার থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (এমএমসিএইচ) চালু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস। এখন থেকে ২৪ ঘণ্টা এ হাসপাতাল থেকে সেবা পাবে রোগীরা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দিন আহমেদ ব্যাক্রিমধর্মী এ সর্ভিসের উদ্বোধন করেন। বাংলাদেশে এটাই প্রথম এ সার্ভিস চালু হয়েছে।
রোগীদের ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দিতে হাসপাতালের ইমারজেন্সি ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত করা হচ্ছে এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি, প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার স্থাপনসহ পর্যবেক্ষণ ওয়ার্ড ও ডে-কেয়ার সুবিধা।
জানা গেছে মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, অর্থোসার্জারি, শিশু, পেডি-সার্জারি ও এনেসথেসিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকসহ নার্স, প্যারামেডিক ও সাপোর্ট স্টাফ থাকবে ওয়ান স্টপ সার্ভিসে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমএমসিএইচের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. নূর মোহাম্মদ, অধ্যক্ষ আনোয়ার হোসেন, বিএমএ কেন্দ্রীয় সহসভাপতি ডা. আ ন ম ফজলুল হক পাঠান, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মো. মতিউর রহমান ভূইয়া, সম্পাদক ডা. এইচ এ তারা গোলন্দাজ, সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. আশরাফ উদ্দিন, গাইনী বিভাগের প্রধান তায়েবা মীর্জা প্রমুখ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, দেশের কোনো সরকারি হাসপাতালে এই প্রথম প্রাথমিক পর্যায়ের সব সুবিধা নিয়ে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চাপ কমার পাশাপাশি রোগীদের ভোগান্তিও অনেক কমে আসবে। এক হাজার শয্যার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন আড়াই হাজার থেকে ২ হাজার ৮০০ রোগী ভর্তি হয়। এ ছাড়া জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ আর বহির্বিভাগে আরও প্রায় ৫ থেকে ৬ হাজার রোগী চিকিৎসা নিতে আসে।
ইত্তেফাক/ইউবি
