ভবদহ সমস্যা সমাধানে পাঁচ দফা বাস্তবায়নে চারদিনের পদযাত্রা কর্মসূচি রবিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়ন, নদী সংযোগ, আমডাঙ্গা খাল খনন, হরিহর, আপার ভদ্রা ও বুড়িভদ্রায় পুনঃখনন, পানিপ্রবাহে সকল বাঁধা উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এ পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে।
পদযাত্রা শেষে ঘোষিত নতুন কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ নভেম্বর বেলা ১১টায় ঢাকার শাহবাগ মোড়ে মানববন্ধন, ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী, স্পিকার, পানিসম্পদ মন্ত্রী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি আহ্বায়ক রনজিত বাওয়ালী এ কর্মসূচি ঘোষণা করেন।
IMG0
এর আগে গত বৃহস্পতিবার ভবদহ স্লুইচ গেট থেকে শুরু হওয়া এ কর্মসূচি রবিবার দুপুরে কালেক্টরেট চত্বরে শেষ হয়। কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে পদযাত্রায় অংশ নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিপিবি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলনে নেতাকর্মীবৃন্দ।
কর্মসূচির সমাপনী দিনে যশোর কালেক্টরেট চত্বরে হাজার হাজার মানুষ সমবেত হন। সমাবেশ শেষে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ৫ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
স্মারকলিপি প্রদানের আগে সমাবেশে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, স্বার্থান্বেষী মহল সরকারকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি করে টিআএম বাস্তবায়ন না করে লাখ লাখ টাকা অপচয় করে স্কেভেটর মেশিন দিয়ে নদী খনন করছে। এতে ওই মহলটি যেন-তেন কাজ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
ইত্তেফাক/ইউবি
