কুমিল্লা মহানগরীতে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের জবাই করে হত্যা করা মৃতদেহ পাওয়া গিয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকার কবরস্থান সংলগ্ন 'সুমন ভিলা' নামের একটি বাসার ৩য় তলা থেকে ওই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির মালিক আবু তাহের সরকারের শ্যালক জুম্মনকে আটক করেছে।
পুলিশ ও বাড়ির লোকজন জানায়, গত বৃহস্পতিবার ওই বাসার ৩য় তলার একটি ফ্লাট ভাড়া নেন এক ব্যক্তি। এ সময় অগ্রিম ৪ হাজার টাকা ভাড়াও পরিশোধ করে। জুম্মনের ভাবী রাশেদা আক্তার জানান, রবিবার সকালের দিকে ৪ যুবক বাসায় এসে তাদের ভাড়া নেয়া কক্ষ পরিস্কার করার কথা জানায়। দুপুর পর্যন্ত ওই যুবকরা হয়তো বাসায় ছিল। কিন্তু রাত সাড়ে ৭টার ধাক্কা দিতেই নতুন ভাড়া নেয়া ফ্লাটের দরজা খুলে যায়। পরে রাশেদাসহ বাড়ির লোকজন ভেতরে গিয়ে দেখেন যুবকের জবাই করা রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত সোয়া ১০টার দিকে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন জানান, খুনের মুটিভ কিংবা নিহতের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল বলে ধারণা করছে পুলিশ।
ইত্তেফাক/নূহু
