দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২৩:৪৫

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ফাতেমা আক্তার(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলার সানন্দবাড়ী পাটাদহপাড়ায় ফাতেমার শয়ন কক্ষ থেকে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ নিহত ফাতেমা আক্তারের বিছানা থেকে ‘এস. আর’ লেখা একটি ফুলতোলা রুমাল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত ব্যাপারে ফাতেমা আত্মহত্যা করে থাকতে পারে।

নিহতের পরিবার এবং এলাকাবাসী সুত্রে জানা যায়, সানন্দবাড়ী পাটাদহ পাড়ার আঃ মোতালেব এর মেয়ে ফাতেমা আক্তারের সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। গত শনিবার রাতে সে তার নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায়। সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ধর্নার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ফাতেমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সানন্দাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সানন্দাবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, নিহতের মা-বাবার পেটের ব্যাথাজনিত কারণে ফাতেমা আত্মহত্যা করেছে বলে দাবী করছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা, এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু