সাতক্ষীরার আশাশুনির কৈখালিতে সলেমান গাজি (৪০) নামের এক ভূমিহীন নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ আজ সোমবার সকালে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কৈখালি গ্রামের পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধের পাশ থেকে তার মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে।
নিহত সলেমান গাজি শোভনালী ইউনিয়নের ঝায়ামারী গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে। তিনি সেখানকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।
শোভনালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোনায়েম হোসেন জানান, রাতে সলেমান গাজি তার ভাগিনা আবু সালেক ও চাচাতো ভাই আবদুর রশীদের সাথে বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে ক্যারাম বোর্ড খেলেন। রাত ৯ টার দিকে তারা বাড়ি ফিরলে তার কাছে একটি ফোন আসে। এ সময় তিনি আবার বাড়ি থেকে চলে আসেন। পরে সকালে বেড়িবাঁধের ধারে তার গলা কাটা লাশ পাওয়া যায়।
ইউপি সদস্য ফারুক হোসেন জানান, সলেমান গাজি ভূমিহীনদের একটি অংশের নেতৃত্ব দেন। তার প্রতিপক্ষ ভূমিহীন নেতা ওহাব পেয়াদারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে উল্লেখ করেন ফারুক।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, লাশটির মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ভূমিহীনদের মধ্যে চলমান বিরোধের জেরে তিনি খুন হয়েছেন কিনা তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পুলিশ।
ইত্তেফাক/মোস্তাফিজ
