ভাঙ্গায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৩:০৮
 
ফরিদপুরের ভাঙ্গায় ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফরম পূরণের জন্য ১৫’শ টাকার জায়গায় শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করছে স্কুল কর্তৃপক্ষ।
 
শিক্ষার্থীদের কাছ থেকে ২০১৭/১৮ সালের সেশন চার্জ দুইবার, কোচিং ফি, স্কুল উন্নয়ন, বিদায়ানুষ্ঠান, বেতনসহ নানা অজুহাতে অর্থ আদায় করছে কর্তৃপক্ষ। অথচ এসব টাকার কোনো রসিদ শিক্ষার্থীদের দেয়া হচ্ছে না। রসিদ চাইতে গেলে শিক্ষার্থীদের নানা ধরনের টালবাহানা করে বিদায় দিচ্ছে। এছাড়াও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের একাধিক বিষয়ে ফেল করিয়ে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে ফরম পূরণের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের প্রমাণ না রাখতে বিনা রশিদে টাকা গ্রহনসহ শিক্ষার্থীদের মানসিক চাপে রাখছে। এসব অপকর্মের সাথে জড়িত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তুজারপুর এস,এ উচ্চ বিদ্যালয়, পুর্ব সদরদী উচ্চ বিদ্যালয়, আজিমনগর উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাহবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, হামেরদী পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিয়া উচ্চ বিদ্যালয়।
 
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ বলেন, আমরা ইতোপূর্বে পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়েছি। উপজেলা নিবার্হী কর্মকর্তার সমন্বয়ে উক্ত বিদ্যালয়কে শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছি। যে সব স্কুলের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
 

ইত্তেফাক/এএম।