সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ইছুয়া নওপাড়া গ্রামের সজিব (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সজিব জয়পুরহাট সরকারি কলেজের ডিগ্রি ফাইনাল ক্লাসের শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, এনামুল হকের ছেলে সজিব বিকালে বাড়ি থেকে বের হন। রাত আটটার দিকে স্থানীয় পল্লীবালা বাজারে বাবা এনামূল হকের সঙ্গে দেখাও হয় সজিবের। এ সময় বাড়ি যাওয়ার কথা বললে সজিব উত্তরে পিতাকে বলেন, তুমি যাও আমি আসছি। কিন্তু সে আর ফিরেনি।
সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুকুর পাড়ে গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সজিবের লাশ। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক বলেন, শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা !
স্থানীয় পল্লীবালা বাজারের একটি সূত্র জানায়, রবিবার বিকালে পল্লীবালা এলাকায় তাদের তিন বন্ধুর কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। সে কারণেও খুন করে সজিবের লাশ ঝুলিয়ে রাখা হতে পারে বলে ধারণা স্থানীয়দের।
ইত্তেফাক/এএম।
