লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে জেলার আদিতমারী উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় নিজ বাড়ির নিম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার হয়।
মৃত মনির ওই এলাকার কাপড় ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স) দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বছর খানেক হয় নিজের পছন্দে বিয়ে করায় শ্বশুর ও বাবার সঙ্গে মনিরের সম্পর্কের অবনতি ঘটে। এমতাবস্থায় মা মারা যাওয়ার পর মনিরের বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান।পরবর্তিতে বাবার রেখে যাওয়া বাড়িতে থেকে স্বামী-স্ত্রী দুইজনেই কলেজে পড়াশোনা করতেন। তবে কোনো উপার্জন না থাকায় চরম অর্থ কষ্টে ভুগছিলেন মনির। সকালে মনিরকে বাড়িতে রেখে তার স্ত্রী কলেজে পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।
আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
