২ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:২৯
 
নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় বাহাউদ্দিন শুভ (৫) ও নয়ন অধিকারী (৪) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই এলাকার একটি খাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 
 
শুভ ওই এলাকার কাজী মাহবুবুর রহমানের ছেলে ও নয়ন একই এলাকার চন্দন অধিকারীর ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শুভ ও নয়ন। পরিবারের লোকজন তাদের সব জায়গায় খোঁজাখুঁজি ও পরে শহরে মাইকিং করেও তাদের কোনো সন্ধান পায়নি। 
 
পরে দুপুরে পশ্চিম মেড্ডা এলাকার রায় সাহেব বাড়ি সংলগ্ন একটি খালে ওই দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সদর থানা ওসি মো. নবীর হোসেন বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি।
 
ইত্তেফাক/আরকেজি