ছাত্রলীগের মারধরে পুলিশ জখম

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৯:৪৬
 
পাবনার সাঁথিয়ায় ৫ম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেতাদের ঢুকতে না দেওয়ায় শফিক নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার সোনাতলা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরীক্ষা শুরু হওয়ার পরপরই নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হারুন অর রশিদের ছোট-ভাই নাগডেমড়া ইউনিয়ন (খ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন মানিকের নেতৃত্বে ৭/৮জন নেতাকর্মী কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এসময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিক ঢুকতে বাঁধা দিলে আরমানসহ কয়েকজন মিলে পুলিশকে পিটিয়ে জখম করে। 
 
খবর পেয়ে সাঁথিয়া-বেড়া (সার্কেল) এএসপি আশিস বিন হাসান জানান, আরমান হোসেন মানিক (২২) এবং রাকিবুল হাসানকে (১৬) আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি