ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায় গ্রেফতার

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২১:২৫
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় শেয়ারবাজারের ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডি ১৩ নম্বর সড়কের বাসা থেকে তাকে করা হয়। প্রায় সাড়ে আট কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দুদকের উপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। 
 
দুদক সূত্র জানায়, দুদকের নোটিশের প্রেক্ষিতে পঙ্কজ রায় দুদকে তার সম্পদ বিবরণী জমা দেন। ওই সম্পদ বিবরণী যাচাই বাছাই করে দুদক কর্মকর্তারা প্রমাণ পান যে তিনি হুন্ডির মাধ্যমে ৮ কোটি ৫০ লাখ ৪১ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এবং তা নিজ ভোগ দখলে রেখে দুর্নতি দমন কমিশনে ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিল করেছেন। এ অভিযোগে গত রবিবার পঙ্কজ রায়ের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তাকে গ্রেফতার করার জন্য গত রবিবার রাত থেকে দুদক কর্মকর্তারা ধানমন্ডির ১৩ নম্বর সড়কের ৯/এ নম্বর বাড়িতে অভিযান চালান। এসময় তাদেরকে বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সোমবার সকালে দুদক কর্মকর্তারা ওই বাড়ির এ/৪ নম্বর ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে।
 
দুুদকের পরিচালক একেএম জায়েদ হোসেন খানের সার্বিক নির্দেশনায় উপ-পরিচালক মাহবুবুর রহমান, উপ-পরিচালক একেএম মাহবুবুর রহমান, উপ-পরিচালক আহমার উজ্জামান এবং উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের সমন্বয়ে একটি বিশেষ টিম এ গ্রেফতার অভিযান চালান। 
 
ইত্তেফাক/এমআই