গৌরনদীতে ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলা, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২২:১১
 
তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে ছাত্রদলের আলোচনা সভায় সোমবার সন্ধ্যায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় একটি বসতঘর ও পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। 
 
হামলার ভিডিও ধারন করার সময় এক সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলায় ছাত্র ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্র ও যুবদলের ৬১জন নেতাকর্মীকে আটক করেছে। 
 
আটককৃত গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মাহফুজ থানা হাজতে বসে সাংবাদিকদের জানান, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর পালরদীস্থ তার নিজ বাসভবনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা শেষে আলোচনা সভা চলাকালীন সময় আকস্মিকভাবে সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদ ও এজিএস রেজভী জামান রিয়াজের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের সভাস্থলে হামলা চালায়। 
 
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। থানায় দায়িত্বরত এসআই মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কোন তথ্য দিতে রাজি হননি।
 
ইত্তেফাক/আরকেজি