পাঁচ গ্রামের মানুষের অর্থ সহায়তায় পুল পুনঃনির্মাণ

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ০০:৪৬

ইন্দুরকানী ও মোরেলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বলেশ্বর খালে পাঁচ গ্রামের মানুষের অর্থ সহায়তায় একটি পুল পুনঃ নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জারজীর্ণ পুলটি গত ২০ দিন পূর্বে ভেঙে পড়ে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই উপজেলার অন্তত ১০ গ্রামের বাসীন্দারা।

প্রতিনিয়ত ২ সহস্রাধিক লোক পারাপার হয় এই পুল দিয়ে। তাই পুল ভেঙে যাওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়েন জনসাধারণ। তাই দুই উপজেলার চণ্ডিপুর, পূর্ব চণ্ডিপুর, বেতবুনিয়া, চাড়াখালী, গাবগাছিয়ার সাধারণ মানুষের অর্থ সহায়তায় পুলের নির্মাণ কাজ চলছে। মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের বৃহত্ একটি অংশ ইন্দুরকানী উপজেলার উপর নির্ভরশীল। তাদের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিত্সা, কেনাকাটা সবই ইন্দুরকানীতে এসে করতে হয়। কারণ মোরেলগঞ্জের থেকে ইন্দুরকানী খুবই কাছে। তাই তারা নিয়মিত এই পুল দিয়ে যাতায়াত করে।  চিংড়াখালীর ইউপি সদস্য খান রফিকুল ইসলাম শিল্পী জানান, মোরেলগঞ্জের এলজিইডি থেকে পুলটি রক্ষণাবেক্ষণ করা হয়। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই পুল। বার বার বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোনো লাভ হয়নি। অথচ দুই উপজেলার সংযোগ স্থাপনকারী এই পুলটি খুবই জনগুরুত্বপূর্ণ। তাই ভেঙে যাওয়া পুল ৫ গ্রামের মানুষের অর্থ সহায়তায় নির্মাণ করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু