গান গেয়ে যার...

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ০৯:৪৮
 
শ্রী সুকুমার মোহন্ত (৫৫) একজন বাউল শিল্পী। গান গেয়ে যার সংসার চলে। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র মোহন্তের ছেলে। দাদা প্রভূ বৈরাগী (মোহন্ত) ছিলেন তার গানের ওস্তাদ।
 
আট বছর বয়স থেকে তিনি দাদার কাছ থেকে বাউল, জারি, বিচ্ছেদ, লালন গীতি প্রভৃতি গান শিখেছেন। সেইসাথে শিখেছেন একতারা, চৌতারা- ঢোলক বাজানো। এসব শেখার পর প্রথমে তিনি নিজ গ্রামে ও পরে আশেপাশের গ্রামে হিন্দু সম্প্রদায়ের গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরবর্তীতে সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্প হিসেবে একতারা কিংবা চৌতারা বাজিয়ে গান গেয়ে স্রোতা-দর্শকদের মুগ্ধ বা আকৃষ্ট করেন।
 
বাদ্যযন্ত্রে সুকুমারকে সহযোগিতা করেন নয়ন, আব্দুস ছাত্তারসহ আরো কয়েকজন। তিনি শুধু সোনাতলায় গান গেয়ে সুনাম অর্জন করেননি। বগুড়ার দুপচাঁচিয়াসহ অন্যান্য উপজেলা ও জেলা শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন। আয়োজকরা তাকে উপযুক্ত পারিশ্রমিক দেন। সঙ্গীতানুষ্ঠান বা সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ পর্যন্ত তিনি সার্টিফিকেটসহ ৫টি পুরস্কার পেয়েছেন। এরমধ্যে ২০১৭ সালে বগুড়া জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৬ সালের সম্মাননা,সার্টিফিকেট ও পদক পেয়েছেন।
 
বাউল শিল্পী সুকুমার মোহন্ত বগুড়া জেলার অসচ্ছল সংস্কৃতিসেবী হিসেবে কয়েক বছর ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে মাসিক কল্যাণ ভাতা পেয়ে আসছেন। প্রথম দিকে তিনি বছরে ছয়হাজার টাকা, পরবর্তীতে নয়হাজার টাকা পেয়েছেন। ২০১৬-২০১৭ অর্থবছরে পেয়েছেন মাসিক ১৬শ' টাকা হিসেবে বাৎসরিক ১৯ হাজার ২শ' টাকা পেয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ভাতা পাওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গান তার পেশা। গান তার সংসার। গানের বিনিময়ে উপার্জিত টাকায় তার সংসার চলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার।
 
ইত্তেফাক/জামান