ময়মনসিংহের মুক্তাগাছা শহরের মূল সড়ক ভেঙে গিয়ে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার সকালেও ফরেস্ট অফিস সংলগ্ন একটি মালবাহী ট্রাক উল্টে যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশার ওপর পড়ে। এতে সিএনজির পাঁচযাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ময়মনসিংহ-উত্তরবঙ্গ, ময়মনসিংহ-টাঙ্গাইল এবং ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের সংযোগ হলো মুক্তাগাছা সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ভারি, মধ্যম, হালকা ও ক্ষুদ্র ধরণের হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটির উপজেলার সত্রাশিয়া থেকে ভাবকির মোড় পর্যন্ত শতাধিকস্থানে ছোট- বড় গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে সড়কটির এঅবস্থা। বৃষ্টি হলে ভাঙা অংশে পানি আটকে খানা খন্দকের রূপ নেয়। যানবাহন চলে হেলেদুলে। মানুষ চলে জীবনের ঝুঁকি নিয়ে। চলাচলে হেরফের হলে, যানবাহন হুমড়ি খেয়ে পড়ে যায় সড়কের ওপরে।
জনদুর্ভোগ শিকার করে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সাংসদ সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি জানান, ইট পাথরে পিচ ঢালাইয়ের এই সড়কটি আরসিসিতে উন্নীত করতে সরকারি অর্থ বরাদ্দ পাওয়া গেছে। শীঘ্রই রাস্তার নির্মাণ কাজ শুরু হবে। ভুক্তভোগীরা বলছেন, যতদ্রুত সম্ভব সড়কটি নির্মাণ অথবা সংস্কার জরুরি।
ইত্তেফাক/জামান
