খুলনায় যুবককে গুলি করে হত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১০:৩৮
 
খুলনায় গুলি করে অনুপ দাস (২৬) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত অনুপ দাস পাবলা তিন দোকানের মোড়ের বেহারা এলাকার সাধন দাসের ছেলে। তিনি নগরীর পাবলা এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা ও ছিনতাইকারী। পুলিশের গ্রেফতারের ভয়ে তিনি বেশিরভাগ সময় একই এলাকায় শ্বশুর বাড়িতে আত্মগোপন করে থাকতেন।
 
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে অজ্ঞাত ব্যক্তিরা পাবলা সবুজ সংঘের পাশের কেশব লাল রোডে গুলি চালিয়ে হত্যা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
দৌলতপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিহত অনুপের বুকের ডান পাশে ও হাতে দুটি গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হত্যা করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান