নওগাঁর রাণীনগর বেতগাড়ী এলাকার ঘোষগ্রাম নুরানি হাফেজিয়া মাদ্রাসা থেকে মো. সিজান (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
সিজান উপজেলার ঘোষগ্রামের ডা. আব্দুর বারিকের ছেলে। সে ঘোষগ্রাম নুরানি হাফেজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ১০ম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা, প্রতিদিনের মতই মাদ্রাসার ক্লাস শেষে সিজান সোমবার রাতে বাড়িতে যায়। অনেক রাত হওয়ার পরেও সিজান বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন মাদ্রাসায় আসে সিজানকে খুঁজতে। খোঁজা-খুঁজির এক পর্যায়ে আজ সকালে মাদ্রাসার একটি পরিত্যক্ত ঘরে সিজানের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। পরে থানায় খবর দিলে পুলিশ মঙ্গলবার সকালে সিজানের লাশ উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অন্য ৪ ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি আরো জানান, সিজানের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান
