মেহেরপুরের যাদবপুরে ট্রাকের ধাক্কায় আকবর আলী (৫০) নামে এক আলগামন চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাক চালককে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আকবর আলী সদর উপজেলার গোভিপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন নিয়ে মেহেরপুর শহরে ভাড়ায় যাচ্ছিলেন আকবর আলী। যাদবপুর গ্রামের সড়ক অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আলগামন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আকবর। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।
মেহেরপুর সদর থানা ওসি রবিউল ইসলাম বলেন, ট্রাক চালক ফাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।
ইত্তেফাক/এএম।
