ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথক সমাবেশ ডেকেছে। তাই সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেখানে পুলিশের টহলও বসানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার দুপুর ২টায় সাধুহাটি মোড়ে আওয়ামী লীগের খলিলুর রহমান গ্রুপ সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করে। একই সময়ে ওই স্থানে আওয়ামী লীগের নাজির উদ্দিন গ্রুপ নতুন সদস্য সংগ্রহ ও পুরানো সদস্য নবায়নের জন্য সমাবেশ ডাকে। এ নিয়ে সাধুহাটি ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের আশংকায় প্রশাসন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সাধুহাটি ইউনিয়ন জুড়ে ১৪৪ ধারা জারি করে। সকাল থেকে এলাকায় পুলিশ টহল শুরু করে।
সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. নজির উদ্দিন জানান, কিছুদিন আগে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনার উপস্থিতিতে দলের সাধুহাটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দলের ইউনিয়ন কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সাধুহাটি মোড়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরানো সদস্য নবায়নের জন্য সমাবেশ ডাকা হয়। তাদের কর্মসূচি বানচাল করতে প্রতিপক্ষ সম্মেলন ডাকে।
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম রাশিদুল আলম জানান, সাধুহাটি মোড়ে দলের সাধুহাটি ইউনিয়ন সম্মেলন ডাকা হয়। সম্মেলন বানচাল করতে দলের এক গ্রুপ সেখানে সমাবেশ ডাকে। প্রশাসন ওই ইউনিয়ন জুড়ে ১৪৪ ধারা জারি করে।
ইত্তেফাক/জামান
