নিখোঁজের ১দিন পর পাহারাদারের লাশ উদ্ধার

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:০০
 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় জামাল মিয়া (৪৫) নামের এক দিঘী পাহারাদারের নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় রায় দিঘী থেকে লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
 
নিহত জামাল মিয়া জেলার চান্দিনা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আদম আলীর ছেলে।
 
জানা যায়, গত ৭ নভেম্বর জামাল মিয়াকে উপজেলার নগরপাড় গ্রামের রায় দিঘীর রাত্রিকালীন পাহারা দেয়ার জন্য নিযুক্ত করেন দিঘীর মালিক সিদ্দিক মিয়া চৌধুরী। এর পর গত ১৮ নভেম্বর রবিবার মধ্যরাতে পাহারাদার জামাল মিয়া ছোট্ট একটি নৌকা নিয়ে মাছ পাহারা দেয়ার জন্য দিঘীর মধ্যে গিয়ে নিখোঁজ হয়। সোমবার সকালে খোঁজাখুঁজি করে জাল ফেলে ডুবন্ত অবস্থায় নৌকাটি উদ্ধার করলেও তার কোন হদিস না পাওয়ায় দিঘীর মালিক সিদ্দিক মিয়া সোমবার দুপুরে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলেরা দিঘীর পানিতে জামাল মিয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খরব দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।
 
এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাংগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, 'ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।'
 
ইত্তেফাক/জামান